জামালগঞ্জে শতাধিক শিক্ষার্থীর মাঝে পোশাক বিতরণ

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৫:২২:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৫:২৩:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের রহিমাপুর-গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পোশাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রহিমাপুর-গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে পোশাক বিতরণে অর্থায়ন করে রাজাপুর সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড। পোশাক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি রায়।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নার্গিস আক্তারের কোরআন তেলাওয়াত ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সৌরভ তালুকদারের গীতা পাঠে সূচিত পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার। সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক কাজল তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সমিতির ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, দৈনিক আজকের পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি বিশ্বজিত রায়, সুব্রত সামন্ত সরকার, বেহেলী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মানিক লাল তালুকদার, সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি গকুল তালুকদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রহিমাপুর-গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকান্ত তালুকদার, সহকারী শিক্ষক দীপা চক্রবর্ত্তী, অভিভাবক সুনীল চন্দ্র দাস ও ঝুমা দাস। এছাড়া উপস্থিত ছিলেন সমিতির সদস্য স্বপন দাস, ইয়াসমিন আক্তার, লাভলী আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক প্রমুখ।

পোশাক পেয়ে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা তালুকদার ও রাব্বি হোসেন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, স্কুলের এই পোশাক পেয়ে আমরা খুব আনন্দিত। খুব ভালো লাগছে। যারা আমাদের এই পোশাক উপহার দিয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বক্তারা পোশাক প্রদানকারী প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সন্তানরা যাতে বিদ্যালয়ে নিয়মিত আসে এবং বিদ্যালয়ে তারা কি পড়ছে সে ব্যাপারে নজরদারির পাশাপাশি বাড়িতে সন্তানদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে অভিভাবকদের তাগিদ প্রদান করেন। বিদ্যালয়ের ১০৮ শিক্ষার্থীর মাঝে এই পোশাক বিতরণ করা হয়। এর আগে সমিতির আওতাধীন বেহেলী ইউনিয়নের নিতাইপুর গ্রামের শিক্ষার্থীদের বর্ষাকালীন যাতায়াত সুবিধার্থে একটি নৌকা প্রদান করে সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com