ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি গ্রামে সোমবার রাতে প্রবাসীর বসতবাড়িতে চুরির ঘটনা ঘটনা ঘটেছে। চোরেরা বসতঘরের ভেতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দুবাই প্রবাসীর বাবা পাইকুরাটি গ্রামের কৃষক বকুল শেখ (৬০) বলেন, আমার দুইজন ছেলে নজরুল ইসলাম (২৬) ও আজিজু ইসলাম (২৩) দুবাই প্রবাসী। আমি কৃষি কাজের সঙ্গে জড়িত। সোমবার রাত অনুমান তিনটার দিকে চোরেরা বসতঘরের গ্রিলের তালা ভেঙে ও স্টিলের দরজার কিছু অংশ কেটে কৌশলে ছিটকিনি খুলে আমাদের বসতঘরে ঢুকে পড়ে। এ সময় বসতঘরের ভেতরে থাকা সোকেস ও আলমিরার তালা ভেঙে ধান বিক্রির দুই লাখ টাকা ও তিনভরি ওজনের স্বর্ণের দুটি চুড়ি ও একটি চেইন চোরেরা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে আমি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছি।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্যা বলেন, তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।