দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত অসিত চন্দ্র দাস (৩৫) উপজেলার রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে দিরাই পৌরশহরের মজলিশপুর আবাসিক এলাকায় নিজ বাসভবনে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার চরনারচর ইউনিয়নের সত্যানন্দপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র দাসের ছেলে।
স্থানীয়রা জানান, নিজ বাসার পানির পা¤েপ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যক্তিগত জীবনে অসিত চন্দ্র দাস স্ত্রী ও ৪ এবং ৭ বছর বয়সী দুই কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয় শিক্ষক সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আভা রানী তালুকদার বলেন, তিনি অত্যন্ত দায়িত্বশীল ও সদালাপী মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন যোগ্য শিক্ষককে হারালাম।