স্টাফ রিপোর্টার ::
দক্ষিণ সুনামগঞ্জে (শান্তিগঞ্জ) জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এক হামলার ঘটনায় আসামি মো. আব্দুল কাদির তালুকদারকে ২ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পৃথক আরেক ধারায় ১ বছরের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জসিম এ রায় ঘোষণা করেন। দন্ড-প্রাপ্ত আসামি মো. আব্দুল কাদির তালুকদার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পিঠাপই গ্রামের সিরাজুল ইসলাম তালুকদারের পুত্র।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৩ এপ্রিল রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পিঠাপই এলাকায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আসামি আব্দুল কাদির তার পিতার বসতঘরে ঢুকে হামলা চালান। এ সময় তিনি ধারালো অস্ত্র দিয়ে তার পিতা সিরাজুল ইসলাম তালুকদার ও বোন নাসিমা আক্তারকে গুরুতর জখম করেন। হামলায় নাসিমা আক্তারের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে এবং তার হাতের রগ কেটে যায়। পরে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে আদালত আসামিকে দন্ড-বিধির ৩২৬ ধারায় ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া ৩২৪ ধারায় ১ বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড- দেওয়া হয়। আদালতের রায়ে উল্লেখ করা হয়, উভয় ধারার সাজা একত্রে কার্যকর হবে।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এছাড়া মামলায় পূর্বে হাজতবাসের সময় দ-ের সঙ্গে সমন্বয় করার নির্দেশও দেওয়া হয়েছে।