ছাতক প্রতিনিধি ::
সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ছাতকে শুরু হয়েছে তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ। দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন সমিতির সভানেত্রী ও দলনেত্রীরা।
বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সহায়তায় পিডিবিএফ-এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর আওতায় এ আয়োজন করা হয়েছে।
পিডিবিএফ-এর সহকারী পরিচালক শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ডিপ্লোমেসি চাকমা বলেন, নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। নারীরা স্বভাবতই সঞ্চয়ী ও দায়িত্বশীল হওয়ায় তারা পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন পিডিবিএফ দোয়ারাবাজার উপজেলার সহকারী পরিচালক নূরুল ইসলাম এবং ছাতক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারীরা নেতৃত্বের গুণাবলি, সামাজিক সচেতনতা এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বাস্তবধর্মী জ্ঞান অর্জন করবেন। এর মাধ্যমে তারা নিজ নিজ এলাকায় দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।