দিরাই প্রতিনিধি ::
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের পল্লীতে পৃথক দুটি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২০ জন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে দুই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গিয়াস উদ্দিন (৫৫)। তিনি রফিনগর ইউনিয়নের রফিনগর (কান্দাহাটি) গ্রামের তাহের উদ্দিন ছেলে। অপরজন আহাদ নুর (২৫), তিনি একই ইউনিয়নের ছাদিরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়রা জানান, হাঁস খাওয়ার বিষয়ের তুচ্ছ ঘটনা নিয়ে রফিনগর গ্রামের পূর্বের হাটির আব্দুল জিহাদ ও সফিক মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষে সফিক মিয়ার পক্ষের গিয়াস উদ্দিন নিহত হন। অপরদিকে একই ইউনিয়নের সাদিরপুর গ্রামে ধান শুকানোর মাঠে (খলা) গাড়ি চালানোকে কেন্দ্র করে ওই গ্রামের হোসেন মিয়া ও আহাদ নুরের লোকজনের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহাদ নুর নিহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা এবং মামলার প্রস্তুতি চলছে।