বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেল ধাক্কা দিলে তিনজন আহত হয়েছেন। বৃহ¯পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শক্তিয়ারখলা সড়কের গ্রামীণ টাওয়ার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন তাহিরপুর উপজেলার বুরুঙ্গাছড়া-বড়ছড়া এলাকার আব্দুল গফুরের ছেলে আলী হোসেন (৪৫), কলাগাঁও এলাকার হাছান আলী (৪৬) এবং লাকমা গ্রামের মুসা মিয়ার ছেলে সোহাগ (২৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলে করে সুনামগঞ্জ থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথে সড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে চালকসহ আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে সেখানে ভর্তি রাখেন এবং গুরুতর আহত মোটরসাইকেল চালক আলী হোসেনকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার করেন। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।