স্টাফ রিপোর্টার ::
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভারতীয় চোরাচালানকৃত বিভিন্ন পণ্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি সিএনজিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার বেরিগাঁও গ্রামের আব্দুল কাইয়ুম (৪৭) এবং হাসননগর ময়নার পয়েন্ট এলাকার সিএনজি চালক মো. জায়েদুল হোসেন জাহিদ প্রকাশ অনিক (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) বেলা প্রায় পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও চেকনিকারা পয়েন্ট এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ভারতীয় চোরাচালানকৃত ওলিভ অয়েল, জিরা, কিসমিসসহ বিভিন্ন পণ্য এবং একটি সিএনজি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম জিবান। তার সঙ্গে ছিলেন এএসআই (নিরস্ত্র) সুদীপ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য সদস্যরা।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।