নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা

আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ১০:৩৯:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ১০:৪০:৩০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের হাওরাঞ্চল আজ এক অদ্ভুত দোলাচলের মধ্যে দাঁড়িয়ে - একদিকে কৃষকের স্বপ্ন, অন্যদিকে শঙ্কা ও হতাশা। প্রকৃতি অনুকূলে থাকলে এই বিস্তীর্ণ হাওরভূমি ভরে উঠবে সোনালি ধানে; আর একটু প্রতিকূলতা দেখা দিলেই মুহূর্তে ভেসে যেতে পারে বছরের পরিশ্রম। এমন অনিশ্চয়তার মাঝেই এসেছে বাংলা নববর্ষ ১৪৩৩- নতুন আশার, নতুন সম্ভাবনার প্রতীক হয়ে।
কিন্তু বাস্তবতা বলছে, হাওরের এই সংকট কেবল প্রাকৃতিক নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানবসৃষ্ট নানা সমস্যা। ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নতুন নয়, তবে এ বছর তা যেন আরও প্রকট হয়ে উঠেছে। প্রাক্কলন অনুযায়ী কাজ না হওয়া, সময়মতো প্রকল্প বাস্তবায়নে গাফিলতি, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ - সব মিলিয়ে হাওরের কৃষক আজ ফসলের নিরাপত্তাহীনতায় ভুগছেন। কোথাও অপরিকল্পিত বাঁধ জলাবদ্ধতা সৃষ্টি করছে, কোথাও আবার দুর্বল বাঁধ ভেঙে ফসলহানির আশঙ্কা বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে কৃষকদের ক্ষোভ-বিক্ষোভ স্বাভাবিক। তারা শুধু তাদের শ্রমের ন্যায্য সুরক্ষা চান। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা, নীতিমালা অনুযায়ী কাজের বাস্তবায়ন এবং প্রকৃত কৃষকদের স¤পৃক্ততা - এসব দাবি কোনো বিলাসিতা নয়; বরং টিকে থাকার লড়াইয়ের অপরিহার্য শর্ত।

অন্যদিকে, হাওরে জলাবদ্ধতা নিরসনের চেষ্টায় মধ্যনগরে এক তরুণের মর্মান্তিক মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় - পরিকল্পনার অভাব কতটা ভয়াবহ হতে পারে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ঘাটতি যখন মানুষের কাঁধে এসে পড়ে, তখন এমন দুর্ঘটনা অনিবার্য হয়ে ওঠে। এটি শুধু একটি পরিবারের শোক নয়; এটি গোটা ব্যবস্থার ব্যর্থতার প্রতীক।
হাওরাঞ্চলের কৃষি অর্থনীতি দেশের খাদ্যনিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই এখানে কোনো অবহেলা মানেই জাতীয় ক্ষতি। প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে প্রযুক্তিনির্ভর মনিটরিং, স্থানীয় কৃষকদের সক্রিয় অংশগ্রহণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান - এসব এখন সময়ের দাবি।
বাংলা নববর্ষ আমাদের নতুন করে ভাবতে শেখায়, নতুনভাবে শুরু করার অনুপ্রেরণা দেয়। এই নববর্ষে প্রত্যাশা- হাওরের কৃষক আর শঙ্কায় নয়, নিশ্চিন্তে ফসল ঘরে তুলবেন। প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। দুর্নীতির অন্ধকার দূর হয়ে স্বচ্ছতা ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।
প্রকৃতি যদি সহায় হয়, আর মানুষ যদি দায়িত্বশীল হয় - তবেই হাওরের গোলা ভরে উঠবে ধানে, কৃষকের মুখে ফুটবে হাসি। নববর্ষ সেই মঙ্গলবার্তা নিয়ে আসুক- হাওরবাসীর জীবনে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হোক।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com