মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের মাছিমপুর গ্রাম সংলগ্ন সোমেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের তিন ঘণ্টা পর টিও রঞ্জন তালুকদার (৬৫) নামের এক বৃদ্ধের লাশ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছেন এলাকাবাসী। তিনি উপজেলার মাছিমপুর গ্রামের বাসিন্দা ও উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক সমীরণ তালুকদারের বাবা।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, টিও রঞ্জন তালুকদার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার বেলা দেড়টার দিকে নিজেদের বাড়ির সামনে থাকা সোমেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে নদীতে খোঁজাখুঁজি করে ওইদিন বিকেলে নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।