স্টাফ রিপোর্টার ::
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত দৃষ্টি প্রকল্পের আওতায় বিশ্বম্ভরপুরে দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা দেওয়া হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে ২নং পলাশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
ক্যাম্পে মোট ৬৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ১৪ জন ছানি রোগী শনাক্ত হলে তাদের সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে একই দিন বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। অপারেশন শেষে সোমবার (২০ এপ্রিল) তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
রোগীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাচ-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচার্য। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. দুলাল মিয়া।
বিনামূল্যে চিকিৎসা ও সফল ছানি অপারেশনের মাধ্যমে সুচিকিৎসা পেয়ে রোগী ও স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।