স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরে প্রায় অর্ধ কোটি টাকার স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা চুরির ঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে মূল অভিযুক্তদের শনাক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ এক লন্ডনপ্রবাসী সুনামগঞ্জ শহরে নিজ বাড়িতে আসেন। এ সুযোগে পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি চক্র তার বাসা থেকে প্রায় অর্ধ কোটি টাকার স্বর্ণালঙ্কার, ডলারসহ নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই জহির উদ্দিনকে। সুনামগঞ্জ সদর মডেল থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম-এর তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘ তদন্তের একপর্যায়ে সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল আসামিদের শনাক্ত করা সম্ভব হয়। পরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় উত্তর আরপিননগরের (পশ্চিম বাজার) মো. ময়না মিয়া (৩২), নতুন হাসননগরের বাচ্চু মিয়া (৪৮), রায়পাড়ার স্বর্ণ ব্যবসায়ী বিষ্ণু বণিক (৬৩), পূর্ব তেঘরিয়ার জাবেদ হোসেন (৩৪) ও উত্তর আরপিননগরের (পশ্চিম বাজার) লিজা বেগমকে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাবেদ হোসেনের স্বীকারোক্তির ভিত্তিতে অন্য আসামিদেরও গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযান পরিচালনায় সরাসরি নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা এবং সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।