স্টাফ রিপোর্টার ::
দিরাই উপজেলায় পৃথক দুটি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাজারীপুর ও জগদল গ্রামে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজারীপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন আগে বিজয় তালুকদার ও রথিন্দ্র তালুকদারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ করলে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়। তবে এর জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
মঙ্গলবার দুপুরে হাওর থেকে সরকারি গোপাট দিয়ে ধান আনা নিয়ে পুনরায় উত্তেজনা সৃষ্টি হলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে, একই দিন বেলা ২টার দিকে জগদল গ্রামে হাঁস-মুরগি বাড়িতে প্রবেশকে কেন্দ্র করে আবা মিয়া ও তখলুজ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, হাজারীপুর ও জগদল গ্রামের পৃথক সংঘর্ষের ঘটনা নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।