দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে ৬ দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ বাজারে রজনী গঞ্জ স্কুল এন্ড কলেজ মার্কেটে বুধবার গভীর রাতে এ ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে প্রথমে ব্যবসায়ী আতাউর রহমানের কাপড়ের দোকানে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা দ্রুত পাশের সারজুল মিয়া, আল আমিন, আব্দুস সালাম, অজয় দাস ও শাহজাহান মিয়ার মুদি দোকানসহ আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দিরাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ শিশির কুমার দাশ জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে ৬টি দোকানের অন্তত ৪০-৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, অগ্নিকা-ের খবর পাওয়া গেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।