সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় লোকবলের অভাবে চালু হচ্ছে না আইসিইউ, আড়াই বছর ধরে কক্ষ তালাবদ্ধ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবছে জমির ধান চরম দুর্দশায় হাওরের কৃষক জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত আকস্মিক বন্যার শঙ্কা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে জামালগঞ্জ কী করছেন ‘মাস্টারমাইন্ড’ মাহফুজ আলম হাওরে আশ্রয়কেন্দ্র এবং বজ্রনিরোধক দন্ড স্থাপনের দাবি এমপি কামরুল ধান নিয়ে চতুর্মুখী বিপদে কৃষক
ছাতকের বাগেছড়া হাওর

বাঁধ ভেঙে তলিয়ে গেল ধান, ক্ষতিগ্রস্ত ২২ গ্রামের কৃষক

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ১২:৫৮:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ১২:৫৮:০২ পূর্বাহ্ন
বাঁধ ভেঙে তলিয়ে গেল ধান, ক্ষতিগ্রস্ত ২২ গ্রামের কৃষক
ছাতক প্রতিনিধি :: পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে ছাতক উপজেলার বাগেছড়া (বিল) হাওরের কাঁচা ও আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে। এতে অন্তত ২৫ হেক্টরেরও বেশি জমির ফসল পানির নিচে ডুবে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ২২টি গ্রামের হাজারো কৃষক পরিবার। নিজেদের কষ্টার্জিত ফসল হারিয়ে হতাশা ও চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। হাওরাঞ্চলে পানি বাড়তে থাকায় তাদের উৎকণ্ঠাও বাড়ছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অন্যান্য হাওরে পাকা ধান মাঠে থাকলেও শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান কাটা যাচ্ছে না। অন্যদিকে জমিতে পানি থাকায় হারভেস্টার মেশিন নামানোও সম্ভব হচ্ছে না। ফলে পাকা ধান ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে টানা বৃষ্টি ও রোদের অভাবে ঘরে তোলা ধান শুকাতে না পারায় অনেক জায়গায় ধানে অঙ্কুর গজাতে শুরু করেছে। এতে কৃষকরা আরও বড় ক্ষতির আশঙ্কা করছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের অবহেলায় ফসল রক্ষা বাঁধ ভেঙে এ বিপর্যয় ঘটেছে। চলতি বোরো মৌসুমে ছাতক উপজেলায় ২৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) বিপরীতে প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি হাওর প্রকল্পের আওতার বাইরে থেকে যায়। কৃষকদের দাবি, বাগেছড়া বিলসহ কয়েকটি হাওরকে পিআইসির আওতায় আনার জন্য তারা দীর্ঘদিন ধরে আবেদন করে আসছিলেন। ২০২৫ সালের ১১ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ২০২৬ সালের ২৩ জানুয়ারি জেলা প্রশাসকের কাছেও লিখিত আবেদন করা হয়। চলতি বছরেও পুনরায় আবেদন করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারি সহায়তা না পেয়ে স্থানীয় কৃষকরা নিজেদের উদ্যোগে বাঁধ নির্মাণ করলেও কারিগরি সহায়তা ও তদারকির অভাবে ঢল ও বৃষ্টিতে তা ভেঙে যায়। ফলে হাওরে পানি ঢুকে তলিয়ে যায় কাঁচা ও আধাপাকা ধান। ক্ষুব্ধ কৃষকরা বলেন, সময়মতো ব্যবস্থা নিলে আজ আমাদের এই সর্বনাশ হতো না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাই আমাদের স্বপ্ন ডুবিয়েছে। ছাতক উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সৈয়দুজ্জামান নাহিদ বলেন, যেসব হাওর বোর্ডের আওতাভুক্ত নয়, সেসব স্থানে পিআইসির মাধ্যমে কাজ করা হয় না। তবে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এসব হাওরকে আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হবে। হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক স¤পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেন, একাধিক হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম ও অপরিকল্পিত কাজ হয়েছে। বাগেছড়া হাওরকে পিআইসির আওতায় আনা হলে এমন ক্ষতির মুখে পড়তে হতো না। স্থানীয় জনপ্রতিনিধিরাও একই অভিযোগ করেন। ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, কৃষকরা বারবার চেষ্টা করেও হাওরটিকে প্রকল্পের আওতায় আনতে পারেননি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন জানান, অন্তত ১৫টিরও বেশি গ্রামের কৃষক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান জানান, বাগেছড়া হাওরে প্রায় ৩৭ হেক্টর আবাদি জমি রয়েছে। এর মধ্যে প্রায় ২০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন, পূর্বে হাওরটি পিআইসির আওতায় ছিল না। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া সম্ভব হতো। ভবিষ্যতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স